1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

দুর্নীতির সংবাদ প্রকাশে পাল্টা মামলা: গজারিয়ায় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ, ৭ দিনের আল্টিমেটাম

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্নীতির তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় “গজারিয়ার সাংবাদিক সমাজ” ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা। এসময় পুরো এলাকা জুড়ে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর সত্য উদঘাটনের বদলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে—যা শুধু অন্যায়ই নয়, বরং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের সুস্পষ্ট অপচেষ্টা। তারা বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কলম ধরাই যদি অপরাধ হয়, তবে সেটি রাষ্ট্র ও সমাজের জন্য ভয়াবহ সংকেত।”
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত মিজানুর রহমান দীর্ঘ প্রায় ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য চালিয়ে আসছেন। একাধিকবার বদলির আদেশ জারি হলেও রহস্যজনকভাবে তিনি পুনরায় একই পদে বহাল থাকেন। তার এই প্রভাবের কারণে জেলার স্বাস্থ্য বিভাগ কার্যত জিম্মি হয়ে পড়েছে এবং অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক তার অনিয়মের শিকার হচ্ছে।
দৈনিক দেশ রূপান্তর ও আমার বিক্রমপুর-এর প্রতিনিধি আজিজুল হক পার্থ বলেন,
“হাতেনাতে ধরা পড়ার পরও অভিযুক্তের দম্ভ কমেনি। তিনি কি আইনের ঊর্ধ্বে—এই প্রশ্ন আজ জনমনে ঘুরপাক খাচ্ছে।”
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের আড়াল থেকে যারা সহায়তা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. আমিরুল ইসলাম নয়ন বলেন,
“স্পষ্ট ভিডিও প্রমাণ থাকার পরও একজন চিহ্নিত ঘুষখোরের এমন দুঃসাহস দেখানো প্রমাণ করে—তার পেছনে শক্তিশালী প্রভাবশালী মহল রয়েছে।”
তিনি দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
বক্তারা জোর দিয়ে বলেন, অবিলম্বে দায়ের করা “মিথ্যা ও হয়রানিমূলক” মামলা প্রত্যাহার করতে হবে এবং অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী সাত কর্মদিবসের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে রয়েছে—হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি, প্রশাসনের সকল দপ্তরের সংবাদ বর্জন এবং ‘কলম বিরতি’ পালন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ, এস এম নাসির উদ্দীন সিকদার, শেখ নজরুল ইসলাম, মুকবুল আহমেদ, নেয়ামুল হক নয়ন, মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাইফুল ইসলাম শামীম, আমজাদ হোসেন, আরিফুর রহমান সাগর, আবুল হোসেন, শাকিল আহমেদ, ওসমান গনি, রাজু আহমেদ, রাসেল সরকার ও মাসুদ আহমেদসহ বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১০ মার্চ মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ প্রতিবেদন স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ২৪ মার্চ মুন্সীগঞ্জের দুই সাংবাদিক—মঈনউদ্দিন আহমেদ সুমন ও আবু সাঈদ সৌরভের বিরুদ্ধে মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
ঘটনাটি ইতোমধ্যে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা নয়—বরং সত্য প্রকাশের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত চাপ প্রয়োগ, যা প্রতিহত করা এখন সময়ের দাবি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com