অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে না পারা অসহায় ও দুঃস্থ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার প্রত্যয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ত্রিশাল উন্নয়ন ফোরাম। সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৫৫ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় ত্রিশাল থেকে ঢাকার উদ্দেশে এসব রোগীকে নিয়ে যাত্রা শুরু হয়। বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার পথে রওনা হন তাঁরা।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত রোগীদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক ও জনকল্যাণমূলক এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তারা আরও জানান, এ মহতী উদ্যোগকে সফল ও দীর্ঘস্থায়ী করতে ত্রিশালবাসীসহ সমাজের বিত্তবান ও সচেতন মানুষের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছেন।
ত্রিশাল উন্নয়ন ফোরামের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত অনেক মানুষ ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবনের আলো।




