পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ থিয়েটারের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) নওগাঁ জেলা শহরের সাব্বির হোটেলের তৃতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৫০, মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার খাদেমুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক এম এম রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও তাঁর সহধর্মিনী, এমপির ঘনিষ্ঠ বন্ধু অজয় সরকার, নাট্যকার অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শতাধিক আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ থিয়েটারের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সাংস্কৃতিক চর্চা সমাজকে মানবিক ও আলোকিত করে। তিনি নওগাঁ থিয়েটারের সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হুজুরের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাগরিবের আযানের সঙ্গে সঙ্গে ইফতার পরিবেশন শুরু হয়। ইফতারে ছিল বোতলজাত বিশুদ্ধ পানি, লেবু-চিনির শরবত, বুট, বন্দিয়া, জিলাপি, পিঁয়াজি, খেজুর, কলা এবং খাসির মাংসের বিরানি। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। দোয়া ও ইফতার মাহফিল শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সার্বিকভাবে আয়োজনটি নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিয়েছে।