জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
কারাগারে পাঠানো নেতারা হলেন—বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আলীসহ আরও দুই নেতাকর্মী, যারা স্থানীয়ভাবে সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
আদালত সূত্রে জানা যায়, দায়েরকৃত নাশকতার মামলায় নির্ধারিত তারিখে অভিযুক্তরা আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মামলার বিস্তারিত অভিযোগ ও ঘটনার পটভূমি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে, অভিযুক্তদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তারা নির্দোষ এবং মামলাটি হয়রানিমূলক। তারা দ্রুত জামিনের মাধ্যমে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আইনজীবীরা জানিয়েছেন, নিম্ন আদালতে জামিন না মঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে জামিন আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় বকশীগঞ্জসহ আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ।