পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে নেছারাবাদ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আব্দুর রশীদের পরিচালনায় আয়োজিত এ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল হক নেতৃত্বের গুণাবলি তুলে ধরে রাসূল (সা.)-এর একটি হাদিস উল্লেখ করে তিনি বলেন, সেই নেতারাই উত্তম, যাদের তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসেন; তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করেন।
তিনি আরও বলেন, দায়িত্বশীলদের বলিষ্ঠ ঈমানের অধিকারী হতে হবে এবং কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। উন্নত চরিত্র গঠন, অন্যের কল্যাণ কামনা এবং কোমল আচরণের মাধ্যমে মানুষের মন জয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নেতৃত্বের ক্ষেত্রে আমানতের খেয়ানত না করা, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সংগঠনের সম্প্রসারণ ও মজবুতির জন্য ধারাবাহিক মানোন্নয়ন বজায় রাখা এবং দ্বীনি চেতনা লালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জবাবদিহিমূলক জীবনযাপনের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, জবাবদিহিতা তিনটি স্তরে গুরুত্বপূর্ণ—আল্লাহর কাছে, সংগঠনের কাছে এবং নিজের বিবেকের কাছে। নিজেদের ভুলত্রুটি লিপিবদ্ধ করে তা সংশোধনের চেষ্টা করা, উদার মানসিকতা ধারণ করা এবং সাহসিকতার সঙ্গে সংগঠনের কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন তিনি।
সবশেষে, সকলের প্রতি সমান আচরণ বজায় রাখা এবং আল্লাহর সাহায্য কামনা করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।