নেছারাবাদে নদী থেকে কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, পিতার বিরুদ্ধে হত্যা মামলা

পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে সিয়াম (১৩) নামে এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কিশোরের বাবা আরিফ রাঢ়ীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার চাচা। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে নিহত সিয়ামের চাচা পলাশ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট-সংলগ্ন সন্ধ্যা নদী থেকে সিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিয়ামকে সঙ্গে নিয়ে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান তার বাবা আরিফ রাঢ়ী। রাত ৮টা পর্যন্ত বাবা-ছেলে বাড়িতে না ফেরায় তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন সিয়ামের মা মুন্নি বেগম। পরদিন সকালে সিয়ামের বড় ভাই পাশের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে আরিফকে দেখতে পান। এ সময় সিয়ামের কথা জানতে চাইলেও আরিফ কোনো উত্তর দেননি বলে দাবি করেন মুন্নি বেগম।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ছেলের নিখোঁজের ঘটনায় নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুন্নি বেগম। শনিবার সকালে নদীতে ছেলের মরদেহ ভেসে থাকার খবর পান তিনি। মুন্নি বেগম জানান, ছেলের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন। তাঁর সন্দেহ, নৌকায় মাছ ধরার সময় কোনো ঘটনা ঘটে থাকতে পারে। সিয়ামকে নিয়ে নদীতে যাওয়ার পর থেকে তাঁর স্বামীও বাড়ি ফেরেননি বলে জানান তিনি।
সিয়ামের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর গোবিন্দকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও সিয়ামের সন্ধান মেলেনি। পরে শনিবার নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে দাবি করেন তিনি।
পলাশ আরও জানান, মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সিয়াম নিখোঁজের ঘটনায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আরিফ রাঢ়ীকে গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top