পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়েছেন। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে পুষিয়ে উঠবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনের লেলিহান শিখায় ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছেন তাঁরা।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরির কাজ চলছে।
আগুনে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তাঁরা সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
নেছারাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. কলিমুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ফেরি চলাচল ও যোগাযোগব্যবস্থার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।




