নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। হামের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন উপজেলায়ও । ইতোমধ্যে নেত্রকোণা সদর হাসপাতালে মোট ৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসাধীন রোগীদের মধ্যে সাত মাস বয়সী শিশু আরিফের শারীরিক অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। নেত্রকোণা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শাহজাহান জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। রোগীদের জন্য পৃথক আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে, যাতে সংক্রমণ অন্য রোগীদের মধ্যে ছড়িয়ে না পড়ে। তিনি আরও বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, কোনো শিশুর জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি (র্যাশ), চোখ লাল হওয়া বা হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, কোনো শিশুর জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি (র্যাশ), চোখ লাল হওয়া বা হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হামের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।