নীলফামারীর ডোমার উপজেলায় সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পরকীয়াজনিত পারিবারিক কলহ ও সামাজিক লজ্জার ভয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহত সালমা বেগম নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সবুজপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নীলফামারী সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে সালমার সম্পর্কের বিষয়টি তার বড় ছেলে জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে চার দিন আগে তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়।
গত শনিবার সন্ধ্যায় তার স্বামী আনোয়ার হোসেন শ্বশুরবাড়িতে আসেন। এ সময় পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। পরে রাতেই তিনি একাই নিজ বাড়িতে ফিরে যান।
রোববার সকালে নাস্তা করার পর সালমা বাড়ির শৌচাগারে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে দেখেন, শৌচাগারের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ডোমার থানার মামলার তদন্ত কর্মকর্তা কাওসার আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।