বগুড়ার শেরপুরে পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ বহুবছর পর আপনাদের মাঝে ফিরে এসেছি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আগামী ১২ তারিখে দেশের বহুল প্রত্যাশিত নির্বাচন। এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই। এ জন্য আপনাদের সকলের কাছে আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রতি বারের মতো এবারেও আপনারা শেরপুর-ধুনটের ধানেরশীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ভোটের পর আবারও আপনাদের সাথে দেখা হবে।
শনিবার বেলা ২টার দিকে শেরপুর ধুনটমোড় এলাকায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট এলাকার বিএনপির মনোনীত ধানেরশীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জানে আলম খোকাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরে শনিবার বেলা ১টার দিকে তার গাড়িবহর থামিয়ে দেওয়া পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি তো ঘরের ছেলে, আবার আসব। দোয়া করবেন। এলাকায় উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ এলাকার মানুষের সব কাজ হবে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ ছাড়াও শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বৈঠকে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।