বানারীপাড়ায় অস্থায়ী সেনা ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর এক সমন্বয় ও কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বানারীপাড়া উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এ সমন্বয় সভা করেন।
সভায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মেজর মোহাইমিনুল হক মেনন বক্তব্য রাখেন। তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনকালীন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, “আগামী নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।” তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের কথাও উল্লেখ করেন। সভায় এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মোঃ মাহফুজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান।
সমন্বয় সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন— বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশিস দাস, বানারীপাড়া বাজার হরিসা মন্দিরের সভাপতি উজ্জ্বল কুন্ডু ও সাধারণ সম্পাদক তারোক কর্মকার, লোকনাথ মন্দিরের সভাপতি বিটু লাল দে, শ্রী গুরু মন্দিরের সভাপতি ভক্ত কর্মকার ও সাধারণ সম্পাদক জহর সাহা, বানারীপাড়া ইউনিয়নের সৎ সংঘ মন্দিরের সভাপতি তাপস কর্মকার, সৈয়দকাঠী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি কমল বিশ্বাস, উদয়কাঠী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মিনাল কান্তি মন্ডল, উদয়কাঠী কালী মন্দিরের সভাপতি অমৃত লাল এবং বাইশারী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত দাসসহ অন্যান্যরা।
সভায় উপস্থিত সংখ্যালঘু প্রতিনিধিরা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।