বরিশালের বানারীপাড়ায় এক মাদ্রাসার প্রয়াত প্রভাষক ও তাঁর পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় মাওলানা আব্দুল হালিম (৫০) নামের সাময়িক বরখাস্তকৃত এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
২৯ আগস্ট (শনিবার) দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বানারীপাড়ার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক। গ্রেপ্তারের পরে বিকেল পৌনে ৪টায় তাঁকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষ আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়। এই আক্রোশের জেরে গত ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেজ থেকে ওই মাদ্রাসার প্রয়াত সাবেক প্রভাষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল জব্বার এবং তাঁর পরিবারকে নিয়ে সম্পূর্ণ অসত্য, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করা হয়।
এ ঘটনায় প্রয়াত প্রভাষকের ছেলে ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মাওলা জুবায়ের বাদী হয়ে অধ্যক্ষ আব্দুল হালিমকে আসামী করে সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধি অনুযায়ী বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল হালিম পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে নথুল্লাবাদের ওই ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদার জানান, র্যাব-৮ কর্তৃক আসামি হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত মাদ্রাসা অধ্যক্ষকে আইনি প্রক্রিয়া শেষে ওইদিনই বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।



