রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (০৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালিটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। এ সময় তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে সচেতনতা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
র্যালিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নজরুল ইসলাম; জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বোর্ড’ স্থাপন করা হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নারীর অধিকার, সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত ও অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও অবহেলা দূর করে সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।