‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজির। উপজেলা মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, এনসিপি বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বিএনপি নেতা দিল রেজা চিন্ময়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে ইউএনও শাহরিয়ার নজির জানান, জেলার মধ্যে বোদা উপজেলায় সর্বাধিক মৎস্য অভয়াশ্রম রয়েছে। ইতোমধ্যে আরো কয়েকটি নতুন অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি বলেন, অভয়াশ্রমগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে নদ-নদীতে দেশি মাছের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মাছচাষীকে পুরস্কৃত করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।