ময়মনসিংহের গফরগাঁওয়ে   বেআইনি কাজে জড়িত ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে ।সোমবার পৌর শহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় এ মাইকিং করা হয়েছে । বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায়  নীরব চাঁদাবাজি ও বেআইনি ভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় এমপি আক্তারুজ্জামান বাচ্চু। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়।
 এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গণমানুষের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা বিএনপি বা কোনো নেতার নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, বেআইনিভাবে অর্থ-বাণিজ্য বা ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়াসহ কোনো বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেন।
সে লক্ষ্যে  জনসাধারণকে সতর্ক করার জন্য  এ উদ্যোগ নেওয়া হয়েছে ।
তিনি বলেন,বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা কেউ দলের  হতে পারে না। অন্যায়, অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়! অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী।  তাই এর মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ।