একটি সুস্থ, সবল ও সুন্দর আগামীর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলায় সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো হচ্ছে। খেলোয়াড়দের অন্যান্য পেশার মতো বেতনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ের পেশাদার খেলোয়াড়দেরও বেতনভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) পটুয়াখালীর গলাচিপায় পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মহিবুল্লাহ এনিম এর আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। এটাই খেলাধুলা ও সংস্কৃতির শক্তি। খেলার মাঠে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মানুষ একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। তাই খেলাধুলার প্রসার ঘটাতে পারলে সমাজের বিভাজন ও বিভেদ অনেকটাই দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, সবকিছুর ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। খেলাধুলাকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। কারণ, খেলাধুলা মানুষকে শৃঙ্খলা বজায় রাখতে শেখায়।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন কে কোন দল করেছে, সেই বিভেদ ভুলে গিয়ে কীভাবে ঐক্যবদ্ধ থাকা যায়, সে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আরো জানান, এই অঞ্চলের প্রতিটি ইউনিয়নে একটি করে করে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে তিনি বলেন, কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। চাইলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে নিজ এলাকায় এমন চর্চা করতে চান না, যাতে কেউ বলতে পারেন যে এমপির বিরুদ্ধে অপপ্রচার করায় মামলা হয়েছে। এ কারণেই এখন পর্যন্ত এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও সার বিক্রির ডিলার নিয়োগ যথাযথ নিয়ম অনুসারে করা হয়েছে। স্থানীয় কোনো সমস্যা থাকলে তা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা তাঁকে জানালে সমাধানের চেষ্টা করা হবে। কোনো বিষয় সম্পর্কে না জেনে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্যসচিব মো. জাকির হোসাইন মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেছার উদ্দিন রাড়ী ও আবদুস সোবহান, প্রতিমন্ত্রীর ছোট ভাই আমিনুল ইসলাম নুর, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসাইন, গলাচিপা ক্রীড়া সংস্থার সদস্য আবুল হোসাইনসহ স্থানীয় বিএনপি, গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে ২২টি দলের অংশগ্রহণে আয়োজিত পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রয়াত খেলোয়াড়দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।



