একদিকে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে। অন্যদিকে মাত্র ১ মাস ১০ দিন আগে লাগানো কচুয়া পৌরসভার নতুন ল্যাম্পপোস্টগুলোও অকেজো। ফলে সন্ধ্যার পর থেকেই ডাবল অন্ধকারে ডুবে যাচ্ছে কচুয়া পৌর বাজার, বিশ্বরোড ও হাসপাতাল রোড।
জানা যায়, প্রায় ১ মাস ১০-১৫ দিন আগে পৌর বাজার, বিশ্বরোড ও হাসপাতাল রোডে নতুন ল্যাম্পপোস্টের বাতি লাগানো হয়। কিন্তু সেই আলো জ্বলেছে মাত্র ২-৩ দিন। এরপর থেকেই বাতিগুলো নিভে আছে।
রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে পুরো এলাকা হয়ে পড়ে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ চলে গেলে তো কথাই নেই।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাতের বেলায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, এই অন্ধকারের সুযোগেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। অনেক জায়গায় ল্যাম্পপোস্টই নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, রাত “৮টার পর দোকান বন্ধ করে বিদ্যুৎ বাঁচাচ্ছে সরকার। কিন্তু পৌরসভার বাতিগুলোই যদি না জ্বলে, তাহলে মানুষের নিরাপত্তা দিবে কে?”
কচুয়াবাসীর দাবি, অবিলম্বে ল্যাম্পপোস্টগুলো মেরামত করে কচুয়ার আলো ফেরানো হোক।



