মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের বিএনপির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে জাল ভোটের সিল ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, এসব সিলের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করা হচ্ছে এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিএনপি নেতারা আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে এমন কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে বিএনপির সংবাদ সম্মেলনের পাল্টা প্রতিক্রিয়ায় একই দিন রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা।
জামায়াত নেতারা বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ভোটের জাল সিলের ঘটনায় জামায়াতের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তারা।
জামায়াত নেতারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তারা রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করতে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
ভোটের জাল সিল নিয়ে পরস্পরবিরোধী এই অভিযোগ ও পাল্টা অভিযোগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।