চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে “অভয়াশ্রম গড়ে তুলে,দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যে ১৯ আগস্ট (মঙ্গলবার) উপজেলার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল আলম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আজম খান,জাহেদুল ইসলাম, সাদেকুল মাওলা ও ফরিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা প্রবাদ আছে, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ শুধু পুষ্টির যোগানই নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম ভরসা। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত অগ্রণী ভূমিকা রাখছে। তারা আরোও বলেন, সরকারের ঘোষিত ‘অভয়াশ্রম গড়ে তুলে, দেশী মাছে দেশ ভরি’-প্রতিপাদ্যে প্রতিটি পরিবার ও উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। এ খাতকে আরও সম্প্রসারিত করতে হলে পরিত্যক্ত পুকুর,দিঘী,খাল পুনঃখনন, উন্নত মানের পোনা সরবরাহ বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। তাই জলাশয় সুরক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পুকুর, দীঘিসহ নানান জলাশয় ভরাটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও জলাশয় ভরাটের তথ্য পেলে সম্মিলিতভাবে প্রতিবাদ ও প্রশাসনকে অবহিত করার দায়িত্ব কিন্তু প্রতিটি নাগরিকের। এ সময় উপজেলা মৎস্য অফিসের(FA) ইয়াব মাহবুব মুছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষী যথাক্রমে জহিরুল কবির, ফরিদ আহমদ ও মো: রেজাউল বাহারের হাতে অতিথিদ্বয় পুরস্কারসহ শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ২৬ আগস্ট (মঙ্গলবার) সকালে লোহাগাড়া উপজেলার বিভিন্ন মৎস্যচাষী ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য মাছের পোনা বিতরন করা হয়। অফিস তথ্যমতে ১২.৬৩ হেক্টর আয়তনে ৫০ টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নাহিদ হোসেন, লোহাগাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী, সহকারী বিআরডি অফিসার জালাল উদ্দীন প্রমুখ।