সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর তৎপরতায় অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ কৈখালী ও উত্তর কৈখালী বিওপির মধ্যবর্তী সুইচ গেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৭ বিজিবি ও RBG-এর একটি যৌথ টহল দল অংশগ্রহণ করে। টহল চলাকালীন মালিকবিহীন অবস্থায় উক্ত এলাকা থেকে একটি ভারতীয় পিস্তল (সিক্স শুটার), ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল উইনসিরিক্স সিরাপ এবং ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যের আনুমানিক মোট সিজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।