সখীপুরে টাকা না দেওয়ায় নানিকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
নিহত নারীর নাম বেদেনা কোচ (৬৫)। তিনি উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকার বাসিন্দা এবং পরেশ চন্দ্র কোচের স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নয়ন কোচ (১৮) নিহতের নাতি এবং একই এলাকার শ্যামল কোচের ছেলে। তিনি পৌরসভার জেলখানা মোড় এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার বিকেলে নয়ন তার নানির কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে রাতে সুযোগ বুঝে নয়ন নানির বাড়িতে প্রবেশ করেন। রাত ৯টার দিকে নিহতের স্বামী বাজারে গেলে বাড়িতে একা ছিলেন বেদেনা কোচ। রাত আনুমানিক ১১টার দিকে নয়ন প্রথমে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থলে দা ও হাতুড়ি ফেলে পালিয়ে যায়।
রাত সাড়ে ১১টার দিকে পরেশ চন্দ্র কোচ বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নয়ন কোচকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।