পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সার্বজনীন সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়েই বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। সেই লক্ষ্যেই সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে নিজ জেলায় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ গেদিপাড়া – সেতনাই খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, উন্নয়নকে কখনো দলীয় দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতায় আবদ্ধ রাখা হয়নি; বরং দেশের প্রতিটি মানুষের সামগ্রিক কল্যাণকে সামনে রেখেই সুজলা-সুফলা ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের ধারাবাহিক প্রয়াস অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা এলজিইডি কর্মকর্তা জগবন্ধু রায়, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৬ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা এলাকার কৃষি, পানি ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।