সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উল্পাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের বাসিন্দা শিশু মালিহা প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হলে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর একটি শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে হাম রোগ শনাক্ত করেন এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু করেন। দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর রোববার (১২ এপ্রিল) সকালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত শিশুটির পরিবারের সদস্যরা জানান, সন্তানের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয়, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিই এ ধরনের দুঃখজনক মৃত্যু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়।