ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গারবাড়ী ও শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বলাঘাটা ও ঝিনাইগাতী উপজেলার হাতির টিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, লেডিস স্যুট ও প্যান্টের কাপড়, বেনারসি শাড়ি এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য প্রায় ৩১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রণছড়া এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী ও আটকিপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১৩টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মনিকুড়া এবং শ্রীবরদী উপজেলার চকচকী এলাকায় ভারতীয় মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়। অভিযানে ১ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়।
সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অভিযানে মোট ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য, গরু ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।