নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলমের নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ভ্যানযাত্রী এক শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়েছে। একই ঘটনায় শিশুটির মা ও ফুফুও আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর শহরের রংপুর রোডের চেলুখাঁ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটির নাম সোহাগী (১২)। সে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জাকেরগঞ্জ ডাঙ্গাপাড়ার মো. শহীদের মেয়ে।
হাসপাতালে বাধা ও ‘ফিল্মি স্টাইলে’ ছাড়িয়ে নেওয়ার অভিযোগ
স্থানীয়রা অভিযোগ করেন, গুরুতর আহত থাকা সত্ত্বেও শিশুটিকে পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এমনকি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সাংবাদিকরা গেলে জাপা প্রার্থীর লোকজন বাধা দেয় এবং জরুরি বিভাগের চিকিৎসকের চেম্বার ঘিরে রাখে।
আহত সোহাগীর ফুফু সাবিনা বলেন,
“আমরা ভ্যানে করে শহরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ উপর থেকে কাঠের তক্তা পড়লে আমার ভাতিজির কপাল গভীরভাবে কেটে যায়। আমারও মাথায় আঘাত লাগে। হাসপাতালে এনে শুধু মেয়েটার কাটা জায়গায় সেলাই দিয়েছে, আমাদের দিকে তাকায়নি। বরং আমাদের চিকিৎসা নিতেও দেয়নি—তাদের একটাই কাজ, যেভাবে হোক আমাদের বের করে নেওয়া।”
শিশুটির মা সেলিনা বলেন,
“এত বড় দুর্ঘটনাকে তারা সামান্য বলছে। মেয়েকে টানাহেঁচড়া করছে। আমাদের রেখে জোর করে মেয়েকে নিয়ে যেতে চাইছিলো। সাংবাদিক ও পুলিশের বাধায় পরে প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছি। জানি না মেয়ে ভাল থাকবে কি না।”
চিকিৎসকদের বক্তব্য
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টি বলেন,
“শিশুটির কপালের আঘাত গুরুতর হলেও হাড়ে লাগেনি। দুই স্তরে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে।”
হাসপাতালের আরএমও ডা. নাজমুল হুদা বলেন,
“যারা নিয়ে এসেছিলেন, তারা শিশুটিকে হাসপাতালে রাখতে চাননি। আমিও শিশুটিকে দেখিনি। ডিউটি অফিসারের মতে, পরিবারের সম্মতিতেই ছেড়ে দেওয়া হয়েছে।”
অবৈধ নির্মাণ ও নিরাপত্তাহীনতার অভিযোগ
স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনটি রেলওয়ের বাংলো নং-৩০ এর জায়গায় তৈরি হচ্ছে। এ নিয়ে রেলওয়ে মামলা করলেও সাবেক এমপি ও বর্তমান জাপা প্রার্থী সিদ্দিকুল আলম কাজ বন্ধ করেননি। দুর্নীতি দমন কমিশন (দুদক)–ও এ ঘটনায় মামলা করেছে।
তারা আরও বলেন,
“ব্যস্ততম সড়কের পাশে এত বড় ভবন নির্মাণে সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আরও ভয়াবহ দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে। পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারে।”
জাপা প্রার্থীর দাবি
জাপা এমপি প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন,
“এটা নিছক দুর্ঘটনা। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে। তার মা ও ফুফুকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাবাকেও ডেকে আনা হয়েছে। এ নিয়ে সংবাদ করার কিছু নেই।”
তবে নির্মাণস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।