নীলফামারীর সৈয়দপুর পৌর ভূমি অফিসের এক তহশিলদারের বিরুদ্ধে ঘুষ দাবি, দুর্নীতি, হয়রানি এবং বৈধ নামজারি কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক, নীলফামারী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন কয়েকজন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা।
লিখিত অভিযোগে সৈয়দপুর পৌর ভূমি অফিসের তহশিলদার মোঃ আফতাব আলমের বিরুদ্ধে নামজারি সংক্রান্ত কাজে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাঁদের বৈধ ভূমি সংক্রান্ত কার্যক্রমে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জমির পূর্ববর্তী বৈধ খারিজ, দাখিলা ও অন্যান্য কাগজপত্র থাকা সত্ত্বেও নামজারি কার্যক্রম সম্পন্ন করতে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের।
এমনকি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করে বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারীরা জানান, তাঁদের জমির বৈধ মালিকানা ও পূর্ববর্তী রেকর্ড থাকা সত্ত্বেও নামজারি কার্যক্রম আটকে থাকায় তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ঘটনায় তাঁরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অভিযোগকারীরা জেলা প্রশাসকের কাছে দুটি প্রধান দাবি জানিয়েছেন—
১. ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
২. তাঁদের জমির প্রকৃত রেকর্ড ও কাগজপত্র যাচাই করে বৈধ নামজারি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ।
এ বিষয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।




