বগুড়ার সোনাতলা পৌর এলাকার শাহবাজপুরে বিরোধপূর্ণ জমিতে হালচাষের সময় উভয় পক্ষে মারপিটের ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোনাতলা পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে শাহবাজপুর এলাকায় বিরোধপূর্ণ জমিতে মোস্তাফিজার রহমান পক্ষের লোকজন হালচাষ করতে যায়। এ সময় তাদের উপর হামলা করে শাহবাজপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন। হামলার ঘটনায় আহতরা হলেন- নিয়ামতের বাইগুনি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান প্রধান, নজরুল ইসলাম, নাদু বেপারীর ছেলে জহুরুল ইসলাম, মোস্তাফিজার রহমানের স্ত্রী গোলাপী বেগম, মমিনের স্ত্রী রোমানা বেগম, নজরুল ইসলামের স্ত্রী নেহার বানু, ও মোস্তাফিজার রহমানের ছেলে সুমন। একই ঘটনায় সোনাতলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন শাহবাজপুর গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে আনারুল ও শাহীন এবং মৃত তবিবর রহমানের নাতি আশিক। এদের মধ্যে মোস্তাফিজার রহমানের স্ত্রী গোলাপি বেগম ও মৃত তবিবর রহমানের ছেলে শাহিন আলমের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে আহত মোস্তাফিজুর রহমান প্রধান জানান, ১৯৪১ সালে আমার দাদার কবলাকৃত ২৯ শতক জমি আমরা ৮১ বছর ধরে চাষাবাদ করি। কবলাকৃত ২৯ শতক বাদে ১৯৪৩ সালে গেন্ডুলা বেপারীর ৩ একর ৩শতক জমি নিলাম হয়। প্রতিপক্ষরা ৭ ধারা মামলা করলে তাতে আমরা রায় পাই। আজকে জমিতে পানি দিয়ে হালচাষ করতে গেলে অপর পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে আমাদের উপর হামলা করলে আমরা আহত হই। পরে খবর পেয়ে আমাদের বাড়ির মহিলারা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করে।