জয়পুরহাটের পাঁচবিবিতে সংঘটিত ইয়ানুর হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গোলাম মোস্তফাকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৮ জানুয়ারি) সকালে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৮ জানুয়ারি রাতে পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ইয়ানুর হোসেনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে বন্ধু আল-আমিনকে সঙ্গে নিয়ে শালাইপুর বাজারে যাওয়ার পথে গোলাম মোস্তফার নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইয়ানুর ও আল-আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত ইয়ানুরের ভাই মুমিনুর ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে অভিযান চালিয়ে পলাতক আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।