আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ২১ জানুয়ারী ২০২৬ সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কার্যালয়ের সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ প্রতিনিধি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। নির্বাচন কমিশনের বিধি ও নির্দেশনা অনুযায়ী বিধিমালা অনুসরণ করে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতীক বরাদ্দের কার্যক্রম সুসম্পন্ন করা হয়।
প্রতীক বরাদ্দ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী পেয়েছেন দাঁড়িপাল্লা। জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন লাঙ্গল প্রতীক। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে মনোনীত প্রার্থী ঊশেপ্রু মারমা পেয়েছেন রকেট প্রতীক।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী মোঃ কাউছার পেয়েছেন হাতপাখা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী মোঃ নূর ইসলাম পেয়েছেন আপেল প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা পেয়েছেন হারিকেন প্রতীক এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা পেয়েছেন ট্রাক প্রতীক।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে জিরুনা ত্রিপুরা পেয়েছেন কলস প্রতীক, ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ঘোড়া প্রতীক এবং সমীরণ দেওয়ান পেয়েছেন ফুটবল প্রতীক।
প্রতীক বরাদ্দ শেষে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি। অন্য প্রার্থীরাও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি আহ্বানও জানিয়েছেন কর্মকর্তারা।
আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। আজ থেকে (বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬) প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামার সুযোগ সৃষ্টি হলো।
উল্লেখ্য, এ আসনে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর বাকী সাতজনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিল বিভাগ থেকে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা ফিরে পাওয়ায় মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা লাভ করে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ১১ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বিশ দিনের পর বুঝা যাবে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে কোন প্রার্থীর ভাগ্যে জুটে তা দেখার বিষয়।