প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ সাঈদ হাসান (সুজন)
সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সহযোগিতা একান্ত কাম্য।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা রোধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম আসন্ন নির্বাচন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা বলয় এবং পরীক্ষাকেন্দ্রিক প্রশাসনিক পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ।
উন্মুক্ত আলোচনায় সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসন্ন জাতীয় ইভেন্টগুলোতে তথ্য আদান-প্রদান ও মাঠ পর্যায়ে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।