আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “দেশে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্য দূরীকরণ এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো ময়দান মুখরিত হয়ে ওঠে।