দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর সিপিএসসি কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত আবুবকর এর ছেলে সাইফুল ইসলামের বাড়ির আঙ্গিনায় রান্নাঘরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।