আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বানারীপাড়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন— আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি জাকির হোসেন, রূপালী দেশ প্রতিনিধি জাহিন খালাসী, বাংলাদেশ বাণী প্রতিনিধি মাইদুল ইসলাম সফিক, ভোরের আলো প্রতিনিধি সাব্বির হোসেন, সাগরকূল প্রতিনিধি হুমায়ুন কবির, সাপ্তাহিক ক্রাইম এক্সপ্রেস প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান পলাশ, সাংবাদিক মাসুদ হাওলাদার, সাংবাদিক আব্দুর রহমানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একসময় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য ছিল। বর্তমানে পরিস্থিতির অনেক উন্নতি হলেও এখনো কিছু চিহ্নিত সন্ত্রাসী ও তথাকথিত ‘ডেবিল’ সক্রিয় রয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের ব্যবহার পুরোপুরি নির্মূল হয়নি বলেও তারা মন্তব্য করেন। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মত দেন তারা।
সাংবাদিকরা আরও বলেন, অতীতের সহিংস ঘটনার কারণে অনেক সময় নারী ভোটাররা ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত হন। অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। তবে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মুহাইমিন বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গুজব ও বিভ্রান্তি রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এলাকার অপরাধ দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।
সাধারণ মানুষকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।