সোনারগাঁয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। একের পর এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা আর অপরাধীদের বেপরোয়া দৌরাত্ম্যে পুরো এলাকা যেন অপরাধীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সর্বশেষ ঘটনা ঘটেছে সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্যোগগঞ্জ বটতলার কনফেকশনারি ব্যবসায়ী মঞ্জুর হোসেন গত শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে হাতকোপা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একটি সিএনজি থেকে নেমে দুর্বৃত্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অস্ত্রের মুখে জিম্মি করে তার সাথে থাকা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় তারা। প্রকাশ্য এমন দুঃসাহসিক ঘটনার পর এলাকাবাসী হতবাক।
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে এই এলাকায় এত প্রকাশ্য ও ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা কখনো ঘটেনি। অথচ এখন একের পর এক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।
এর মাত্র দুই দিন আগে চিলারবাগ মসজিদ সংলগ্ন মার্কেট এলাকায় মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন আলেমের ওপর অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চালানো হয়। তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন লুটে নেয় দুর্বৃত্তরা।
তারও আগে ২৫ মার্চ গভীর রাতে ডক্টরস হাসপাতাল থেকে ফেরার পথে এক গর্ভবতী নারী একই চক্রের হাতে নির্মমভাবে ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটে নেওয়া হয়। এই ধারাবাহিক ঘটনায় জনমনে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুল আলোচিত সাকিব বাহিনী’ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ছিনতাই চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করলেও রহস্যজনকভাবে তারা বারবার জামিনে বের হয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে ‘গ্রেফতার জামিন–পুনরায় অপরাধ’ এই দুষ্টচক্রে কার্যত ভেঙে পড়ছে আইনের শাসন।
সোনারগাঁ থানার এক সাব-ইন্সপেক্টর জানান, সাকিব কে গত এক বছরে ছয়বার গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে এসে সে আবারও অপরাধে জড়িয়েছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।
ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন কীভাবে এত গুরুতর অপরাধে জড়িতরা বারবার জামিন পায়? কেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশাসনের এই ব্যর্থতা কি অপরাধীদের আরও উৎসাহিত করছে না?
বর্তমানে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সচেতন মহলের সতর্কবার্তা স্পষ্ট এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ না নিলে সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। আর তখন এর দায় এড়ানোর সুযোগ কারও থাকবে না।