ফরিদপুরে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অধিকাংশ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করা হচ্ছে, ফলে প্রয়োজন অনুযায়ী তেল না পেয়ে ক্ষোভ ও দুর্ভোগ বেড়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল থেকে শহরের জোবাইদা ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দেওয়া হলে সেখানে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। পাম্প কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
চাহিদামতো তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। তাদের ভাষ্য, জেলার অন্য পাম্পগুলোতে নির্ধারিত সীমার মধ্যে তেল দেওয়ায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। সেখানে জোবাইদা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।
জেলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুরে প্রায় ৪০টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ পাম্পেই বর্তমানে রেশনিং পদ্ধতি চালু রয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।