পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি স-মিলসহ তিনটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার ( ৫ মার্চ) দুপুর দেড়টার দিকে মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,মহিষকাটা বাজারের স-মিলের মালিক মাসুদ খানের বসতঘরের রান্নাঘর থেকে স-মিলে কর্মরত শ্রমিকরা আগুন বের হতে দেখে ডাক-চিৎকার করে। এসময় আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স-মিলের আংশিক এবং তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ সাইফুল ইসলাম বলেন,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। মির্জাগঞ্জ ও বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মিলে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে আনুমানিক প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।