খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গাজী আব্দুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ভবনটিতে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম ঝুঁকি ও আতঙ্ক নিয়ে ক্লাস করছেন।
সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষের ছাদ ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে, কোথাও আবার রড বেরিয়ে এসেছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি পড়ে। জানালা-দরজা নেই, দেয়াল ভাঙাচোরা—সব মিলিয়ে ভবনটি এখন সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি উপকূল অঞ্চলে দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ২০০০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। তবে ঘূর্ণিঝড় ‘আয়লা’, ‘ইয়াস’ ও ‘রিমাল’-এর আঘাতে এবং জলোচ্ছ্বাসে বারবার নোনা পানিতে ডুবে থাকায় ভবনটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, ইতিমধ্যে ভবনের ছাদ থেকে অংশবিশেষ ভেঙে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অনেক শিক্ষার্থী ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।