পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একদিনে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের নুরুর বাজার সংলগ্ন মনিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দেবীগঞ্জ থানা পুলিশ দুইজন মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলেন—মণিরপাড়া এলাকার মৃত: হুসেন আলীর ছেলে সিজান এবং ক্লাবগঞ্জ এলাকার অ্যাডভোকেট নুর ইসলাম শাহীনের ছেলে রাকিব ইসলাম নাইস।
আটকের পর তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সিজানকে এক বছর এবং রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া একই দিনে পৃথক অভিযানে দুপুরে ৩ জন এবং বিকেলে আরও ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।