পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজেকে জেলা সহকারী জজ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি এক নারীকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশের কাছে রাতভর থাকার জন্য একটি কক্ষ ব্যবহারের অনুমতি চান। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই শুরু করে।
যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন।
আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। স্থানীয়দের মতে, তিনি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু অনৈতিক কর্মকাণ্ডের কারণে চাকরি হারান।
ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী দ্রুত স্থান ত্যাগ করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুজ্জামান বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ের পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানার হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।