সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু বাহিনী “জোনাব বাহিনীর” হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। পরে উদ্ধারকৃত ওই জেলেকে কোস্টকার্ড পশ্চিমজোনের মোংলা বেইসে আনা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযান চলাকালে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর কবলে থাকা এক জেলেকে উদ্ধার করা হয়।
অপহরণের শিকার জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।