পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকালে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ফোন ও বিকাশ সংক্রান্ত সাধারণ ডায়েরি পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানা থেকে ৪টি, জিয়ানগর থানা থেকে ১টি, নাজিরপুর থানা থেকে ৫টি, মঠবাড়িয়া থানা থেকে ৫টি, ভান্ডারিয়া থানা থেকে ১টি, কাউখালী থানা থেকে ১টি এবং নেছারাবাদ থানা থেকে ৩টি—মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া পিরোজপুর সদর থানায় দায়েরকৃত বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির ভিত্তিতে (১৫,০০০ + ৫,০০০) মোট ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীরা এসব হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, হারানো মোবাইল ফোন ও বিকাশে প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধারপূর্বক ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে এবং জনগণের যে কোনো প্রয়োজনে জেলা পুলিশ সর্বদা পাশে থাকবে।