মোঃ কায়সার হামিদ শামীম
জামালপুরে চলাচলের একটি রাস্তায় ইটের দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে। প্রেমঘটিত বিরোধের জেরে রাস্তায় দেয়াল তুলে দেয়ার অভিযোগ উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষের যাতায়াত বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে সম্প্রতি চলাচলের ওই রাস্তায় দেয়াল তুলে দেন এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, পলিশা গ্রামের মোকাদ্দেস হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের শুক্রবার (১২ ডিসেম্বর) মেয়েটি নিখোঁজ হয়। এরপর রোববার (১৪ ডিসেম্বর) মেয়েটির মা শারমিন আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই ছাত্রী ও ছেলেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। আদালতে জবানবন্দি শেষে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।