কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকা সংলগ্ন সড়কে আজ সকাল আনুমানিক ১০টার দিকে দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এবং কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখে আসা অপর একটি ট্রাক মোড়াগাছা এলাকায় পৌঁছালে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে ও খাদে ছিটকে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। উপস্থিত লোকজনের মতে, উভয় ট্রাকই অত্যন্ত বেপরোয়া গতিতে (ওভার স্পিড) চলছিল। সরু রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।আর তিন জন সুস্থ আছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
ঘটনার পর থেকে ট্রাক দুটির চালক বা সহকারীদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।