নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ESKUF সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে পত্নীতলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড় এলাকা থেকে মোঃ ফিরোজ কামাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাপাহার থানার কল্যাণপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোঃ মোজাফফর রহমান।
আটককৃত আসামির হেফাজত থেকে ৭০ (সত্তর) বোতল ভারতীয় তৈরি অবৈধ ESKUF সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০ টাকা হিসেবে মোট উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। সর্বশেষ চালানটিও কাঁটাতারের বেড়া অতিক্রম করে দেশে আনা হয়েছে বলে সে স্বীকার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।