জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনায় পঞ্চগড়-এর বোদা থানায় মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারসহ জড়িত চোর ও ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আটিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ভোটগ্রহণ শেষে রাতের কোনো এক সময় অজ্ঞাত এক যুবক বিদ্যালয়ের বারান্দায় রাখা তিনটি সিসি ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়লেও তখন অভিযুক্তের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা’র নেতৃত্বে এসআই খুরশীদ আলমসহ পুলিশের একটি দল প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তে চোর শনাক্ত হলে ১১ এপ্রিল বিকেলে উপজেলার মাড়েয়া ডিহাপাড়া আমিননগর গ্রামের জামাল প্রধানের ছেলে রাশেদ প্রধান ওরফে সুজন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে মাড়েয়া বাজারের স্বাধীন বাংলা হোটেলের ভেতর থেকে চুরি যাওয়া তিনটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। এ সময় মালামাল ক্রয়ের অভিযোগে মাড়েয়া গোয়ালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আনারুল ইসলাম (৪২) কে আটক করে পুলিশ।
এ বিষয়ে বোদা থানার ওসি সোয়েল রানা জানান, নির্বাচনী নিরাপত্তায় ব্যবহৃত সিসি ক্যামেরা চুরির ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্তে নামে এবং দ্রুত সময়ের মধ্যে চোর শনাক্তসহ মালামাল উদ্ধার সম্ভব হয়। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।