সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি নিতে গিয়ে সিন্ডিকেটের হামলার শিকার হয়েছেন আব্দুল্লাহিল মুনিম নামে এক এনজিও কর্মকর্তা। মঙ্গলবার (১৪.০৪.২০২৬) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, ফিলিং স্টেশনে ‘স্বেচ্ছাসেবী’ পরিচয়ে দায়িত্ব পালনকারীদের অনিয়মের প্রতিবাদ করায় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় আব্দুল জলিলের নেতৃত্বে ৮-১০ জন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
আহত আব্দুল্লাহিল মুনিম জানান, তিনি রাত সাড়ে ৩টা থেকে লাইনে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তার সিরিয়াল এলে তিনি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য এক হাজার টাকার জ্বালানি চান। এ সময় আব্দুল জলিল তার সঙ্গে খারাপ আচরণ করে গালিগালাজ শুরু করেন। তিনি এর প্রতিবাদ করলে আব্দুল জলিলের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করে।
ভুক্তভোগীর দাবি, ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা একটি প্রভাবশালী মহল সিন্ডিকেট তৈরি করে নিজেদের লোকজনকে লাইনে অগ্রাধিকার দিচ্ছে। তারা বারবার মোটরসাইকেলে জ্বালানি নিয়ে লাইনে ঢুকছে, ফলে সাধারণ মানুষ জ্বালানি পেতে বঞ্চিত হচ্ছেন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আব্দুল জলিলকে অভিযুক্ত করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল জলিলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।