কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মরিয়ম আক্তার। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মো: আমিনুল ইসলাম।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আর্জিনা আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বড় বোনদের বিদায় জানিয়ে আবেগঘন বক্তব্য দেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী নওরিন ফাতেমা। উত্তরসূরিদের ভালোবাসা ও দোয়ার জবাবে বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন হ্যাপি আক্তার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: জনাব গোলাম মাওলা,জনাব সেলিম মিয়া,নূর মোহাম্মদ স্যার,মোহাম্মদ আলী মেম্বার,দুলাল মিয়া,জহিরুল ইসলাম,মোহাম্মদ মনির হোসেন।
বক্তাগণ তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষার হল ও পরবর্তী জীবনে নিষ্ঠা ও সততার সাথে পথ চলার পরামর্শ দেন। তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই ছাত্রীরাই ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বর্ণিল বেলুন ও প্যান্ডেলে সাজানো বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।