কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর রেলবস্তি এলাকায় এক আন্তঃধর্মীয় সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর রেলবস্তির বাসিন্দা শ্যামল দাসের ছেলে জনি দাসের সঙ্গে পার্শ্ববর্তী এক মুসলিম গৃহবধূর দীর্ঘদিনের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, প্রায় আট বছর ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। একপর্যায়ে জনি দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ওই নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানা গেছে।
পরবর্তীতে ওই গৃহবধূ তার স্বামীকে তালাক দেন এবং জনিকে বিয়ের জন্য প্রস্তুতি নেন। তবে বিয়ের নির্ধারিত তারিখ ঘনিয়ে এলে পরিবারের চাপে জনি বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোন নম্বরসহ সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েন ওই নারী।
বিয়ের দাবিতে এক পর্যায়ে ওই নারী জনির বাড়িতে গিয়ে অবস্থান নেন। কিন্তু জনির পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন বলে জানা গেছে। বর্তমানে একটি কন্যাসন্তানকে নিয়ে ওই নারী দিশেহারা অবস্থায় রয়েছেন এবং জনিকে ফিরে পাওয়ার আশায় আইনের আশ্রয় নিয়েছেন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিছু বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জনির পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে পরিস্থিতি যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ না নেয়, সে বিষয়ে সচেতন মহল সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।