কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে চাঁদাবাজি বন্ধে ব্যাপক গণসংযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। এসময় তিনি বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
গণসংযোগকালে এমপি শেখ মজিবুর রহমান ইকবাল স্পষ্ট ভাষায় জানান, বাজিতপুর বাজারে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। তিনি বলেন, “ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ,বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক,সাবেক সহ সভাপতি, অধ্যাপক তফাজ্জ্বল হোসেন বাদল, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ সহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
গণসংযোগের সময় ব্যবসায়ীরা দীর্ঘদিনের চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। এমপি তাদের আশ্বস্ত করে বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা এমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে তারা নতুন করে আশার আলো দেখছেন এবং নিরাপদে ব্যবসা পরিচালনার প্রত্যাশা করছেন।
স্থানীয়দের মতে, চাঁদাবাজি রোধে এ ধরনের সরাসরি উদ্যোগ বাজারে ইতিবাচক পরিবর্তন আনবে।