সাতক্ষীরা শহরের জুটের ডাঙ্গা মাঠপাড়া, পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা মোঃ শহিদ মোড়ল (৬৫), পিতা মৃত আনসার আলী মোড়ল, পেশায় একজন ঘাস বিক্রেতা। তিনি বিভিন্ন চাষীদের খেত-খামার থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ও খামারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টার দিকে শহিদ মোড়ল মিল বাজারে ঘাস বিক্রি করে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা সরকারি কলেজের করিম মোটর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তার ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার একটি হাত ভেঙে যায়। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তার স্ত্রী নাজেরা খাতুন (৫১) ও সন্তানরা ঘটনাস্থলে এসে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
এদিকে শহিদ মোড়লের দীর্ঘদিনের সহযোগী কৃষক ও ঘাস ব্যবসায়ী আশরাফুল আলম তার পাশে দাঁড়িয়েছেন। তিনি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানসহ নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না।
বর্তমানে শহিদ মোড়ল চিকিৎসাধীন আছেন এবং আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন। তার পরিবার ও স্থানীয়রা তার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।